← শাইখ হিবশী সিরিজ

দরজার সামনে ২০ জন জাদুকর

রুকইয়াহসিহরভয়তাওয়াক্কুল

শাইখ রোগীকে একটা দৃশ্য কল্পনা করতে বললেন। দৃশ্যটা ভয়ংকর — কিন্তু শেষে ভয়টাই জায়গা বদলে ফেলে। আজকের ডায়েরিটা তাদের জন্য, যাদের রাতে ঘুম আসে না।

যে দৃশ্যটা শাইখ বলেছেন

একজন রোগী শাইখের সামনে বসা। কথা বলতে গেলে গলা কাঁপে। তার উপর একাধিক সিহর, আর রাতগুলো কাটে চোখ খোলা রেখে।

শাইখ তাকে থামিয়ে বললেন — একটা দৃশ্য কল্পনা করুন। ঘর থেকে বের হলেন। দরজার সামনে দাঁড়িয়ে আছে ৫ জন, ১০ জন, ২০ জন জাদুকর। প্রত্যেকের হাতে আপনার একটা পুতুল। কেউ সুই ঢোকাচ্ছে, কেউ বিড়বিড় করে মন্ত্র পড়ছে।

শাইখ জিজ্ঞেস করলেন — এখন আপনি কী করবেন?

রোগী চুপ করে থাকলেন। তারপর বললেন, কিছুই করার নেই। শাইখ বললেন — ঠিক। তখন আপনি শুধু আল্লাহকেই ডাকবেন।

শাইখের কথাটা

ওরা বিশজন হোক, দুইশজন হোক — আপনার ক্ষতি ঠিক ততটুকুই হবে, যতটুকু আল্লাহ আগেই লিখে রেখেছেন।

তাই যিকির-আমল করার পরও যদি ভয়টা বুকে স্থায়ী হয়ে বসে থাকে, বুঝতে হবে সমস্যাটা আমলে নয় — ভয়ের ঠিকানায়। ঠিকানাটা বদলাতে হবে।

নবীজি ﷺ যা শিখিয়েছেন

احْفَظِ اللَّهَ يَحْفَظْكَ ... وَاعْلَمْ أَنَّ الْأُمَّةَ لَوِ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْكَ

আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন... জেনে রাখো, সমগ্র জাতি যদি তোমার কোনো ক্ষতি করার জন্য একত্র হয়, তবু তারা ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। (সুনানে তিরমিজি ২৫১৬)

কিশোর ইবনে আব্বাস রা.-কে নবীজি ﷺ এই কথাগুলোই শিখিয়েছিলেন। দরজার সামনে দাঁড়ানো বিশজনের হাত এই এক লাইনেই বাঁধা — হিসাবটা আল্লাহর হাতে

আজ যা করবেন

  1. ভয়ের চিন্তা এলে হাদিসের শেষ লাইনটা মনে করুন — যতটুকু আল্লাহ লিখেছেন, ততটুকুই
  2. সকাল-সন্ধ্যার আমল কোনো অবস্থাতেই ছাড়বেন না — ভয়ের দিনেও না।
  3. জাদুটা কত বড়, কে করেছে — এই গবেষণা আজ থেকে বন্ধ।
  4. ভয় বাড়ায় এমন গল্প-ভিডিও দেখা বন্ধ; মন যা খায়, রাতে সেটাই ফেরত দেয়।

সূত্র: শাইখ খালিদ বিন ইবরাহীম আল-হিবশী (রুকইয়াহ বিশেষজ্ঞ)-এর আলোচনা অবলম্বনে

অনুবাদ ও সংকলন: রাকী ফয়সাল আহমেদ সাবিত — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার

আরও পড়ুন