← শাইখ হিবশী সিরিজ

একটা ম্যাচের জন্য এতটা কষ্ট?

রুকইয়াহধৈর্যরাকীর ডায়েরিনিয়মিত আমল

ছেলেটা দাঁড়াতেই পারছিল না — তবু দুই মাস ধরে ওজন কমাচ্ছে, শুধু একটা খেলার জন্য। শাইখের প্রশ্ন — শিফার জন্য আমরা কতটুকু পারি?

যে দৃশ্যটা শাইখ বলেছেন

জিমে ঢুকে শাইখ দেখলেন এক তরুণকে। শরীরটা যেন ভেঙে পড়ছে, হাঁপাচ্ছে; পাশে তার ভাই তাকে ধরে রেখেছে, যেন পড়ে না যায়।

জিজ্ঞেস করে জানা গেল — ছেলেটি জুজুৎসুর চ্যাম্পিয়ন। হালকা ওজনশ্রেণিতে নামার জন্য দুই মাসে আট কেজির বেশি ওজন কমাচ্ছে।

তারপর ম্যাচের আগের দুই-তিন সপ্তাহ খেয়ে শক্তিটা ফিরিয়ে আনবে। সব মিলিয়ে মাসের পর মাস কষ্ট — একটা ম্যাচের জন্য

শাইখ যা বললেন

একটা খেলার জন্য মানুষ এতটা সয়ে যায়। শিফার জন্য লেগে থাকা কি তার চেয়ে বেশি কিছু চায়?

শাইখ কথাটা বলেছিলেন রমজানের প্রস্তুতি নিয়ে — সুস্থ শরীরে রমজানে ঢোকার জন্য এইটুকু পরিশ্রম কি বেশি? একই প্রশ্ন রুকইয়াহর প্রোগ্রামেও খাটে।

দলিলটা — চেষ্টার সাথে পথ খুলে যায়

وَٱلَّذِينَ جَٰهَدُوا۟ فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا ۚ وَإِنَّ ٱللَّهَ لَمَعَ ٱلْمُحْسِنِينَ

যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। নিশ্চয় আল্লাহ সৎকর্মপরায়ণদের সাথে আছেন। (সূরা আনকাবুত, আয়াত ৬৯)

নবীজি ﷺ — আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সেটাই, যা নিয়মিত করা হয়, যদিও তা কম হয়। (সহীহ বুখারী ৬৪৬৪)

আজ যা করবেন

  1. প্রোগ্রামটা ছোট করে নিন — কিন্তু প্রতিদিন, একদিনও ফাঁকা নয়।
  2. কোনো দিন বাদ পড়লে শুরু থেকে নয় — যেখানে থেমেছেন, সেখান থেকেই।
  3. সপ্তাহে একদিন নিজের রুটিনটা লিখে দেখুন — কী হলো, কী হয়নি।
  4. ঘুম, খাওয়া, একটু হাঁটা — শরীরের যত্নও আমলেরই অংশ।

সূত্র: শাইখ খালিদ বিন ইবরাহীম আল-হিবশী (রুকইয়াহ বিশেষজ্ঞ)-এর আলোচনা অবলম্বনে

অনুবাদ ও সংকলন: রাকী ফয়সাল আহমেদ সাবিত — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার

আরও পড়ুন