← শেখার শিল্প — ৩০ দিন

প্রস্তুতি শেষ। এবার হলে ঢোকার পালা।

শেখারশিল্পপরীক্ষাদোয়াপরীক্ষারআদবশিক্ষার্থী
প্রস্তুতি শেষ। এবার হলে ঢোকার পালা।

প্রস্তুতিটা যেমনই হোক, একটা মুহূর্ত আসে যখন সব কৌশল থেমে যায়।

হলের দরজার সামনে দাঁড়িয়ে থাকার মুহূর্তটা।

হাত ঠান্ডা, বুকের ভেতর ঢিপঢিপ, আর মাথায় একটাই কথা — "যদি কিছু মনে না পড়ে?"

আজ এই মুহূর্তটা নিয়েই কথা বলব।

প্রথমে কিছু দিকনির্দেশনা

১. সবকিছুর আগে শিক্ষার্থীর উচিত আল্লাহ তার ওপর যে ইবাদত ও আনুগত্য ফরজ করেছেন, তা যথাযথভাবে রক্ষা করা।

২. নবী ﷺ থেকে বর্ণিত জিকির ও ওজিফাগুলোর মাধ্যমে নিজেকে সুরক্ষিত রাখা, এবং কুরআনের আয়াতসমূহ দ্বারাও। বিশেষ করে পরীক্ষার দিনে এগুলো বেশি বেশি পাঠ করা।

৩. অলসতা বা ঘুমের অনুভূতি হলে এক কাপ চা পান করা, যাতে মস্তিষ্ক ক্ষমতা ও মনোযোগ পায়।

৪. মাথাব্যথা হলে সেটার ব্যবস্থা নেওয়া, যাতে মন পরিষ্কার থাকে।

৫. ভয় ও কাঁপুনিকে মনের ভেতর জায়গা করে নিতে না দেওয়া — কারণ এটি অন্যতম শক্তিশালী কারণ যা শিক্ষার্থীকে পিছিয়ে দেয় এবং উত্তর দেওয়া থেকে নিরুৎসাহিত করে।

৬. পূর্ণ পবিত্রতার সাথে পরীক্ষার হলে প্রবেশ করা। যেমন একজন সৈন্য অস্ত্র ছাড়া যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে না, তেমনি মুমিনের অস্ত্র হলো ওজু।

৭. আত্মবিশ্বাস রাখা। যে শিক্ষার্থী নিজের ওপর আত্মবিশ্বাস নিয়ে প্রবেশ করে, তার জন্য উত্তর দেওয়া সহজ হয়। সে তার রবের ওপর ভরসা রাখে যে তিনি তাকে হতাশ করবেন না।

৮. পূর্ণ রিভিশন নিয়ে হলে প্রবেশ করা — কোনো ছোটখাটো বিষয়ও যেন বাদ না পড়ে।

৯. এক বিষয়ের রিভিশন থেকে অন্য বিষয়ে না যাওয়া, যতক্ষণ না প্রথমটি সম্পূর্ণ শেষ হয় — যাতে বিষয়গুলো একে অপরের সাথে মিশে না যায়।

🚶 হলের দিকে যাওয়ার সময়

رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَلْ لِي مِنْ لَدُنْكَ سُلْطَانًا نَصِيرًا

উচ্চারণ: রোব্বি আদখিলনি মুদখোলা সিদক্বিউ ওয়া আখরিজনি মুখরোজা সিদক্বিউ ওয়াজআল লি মিল্লাদুনকা সুলতোয়ানান নাসিরো।

অর্থ: হে আল্লাহ, আমাকে সত্যের সাথে প্রবেশ করান এবং সত্যের সাথে বের করুন, আর আপনার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী শক্তি দান করুন।

📄 প্রশ্নপত্র পাওয়ার পর

সর্বপ্রথম স্থির হতে হবে, শান্ত থাকতে হবে, আর নিজের থেকে কাঁপুনি ও ভয় দূর করতে হবে। এবং বলবে —

رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِنْ لِسَانِي يَفْقَهُوا قَوْلِي

উচ্চারণ: রোব্বিশরোহ লি সদরি, ওয়া ইয়াসসির লি আমরি, ওয়াহলুল উকদাতাম মিল্লিসানি ইয়াফক্বাহু কওলি।

অর্থ: হে আমার রব! আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন। আর আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। (সূরা ত্ব-হা, ২০:২৫–২৮)

তারপর —

  • প্রথম কাজ পুরো প্রশ্নটি পড়া এবং তার ভেতরের বিষয়বস্তু নিয়ে গভীরভাবে চিন্তা করে মূল উদ্দেশ্য বোঝা। কারণ অনেক শিক্ষার্থী প্রশ্নের উদ্দেশ্য বুঝতে ভুল করে এবং যা চাওয়া হয়নি তার উত্তর দিয়ে বসে।
  • প্রথমে সহজ ও সরল প্রশ্ন, তারপর কঠিন প্রশ্ন — যাতে সময় নষ্ট না হয় এবং অনেক নম্বর হারাতে না হয়।
  • আশেপাশে না তাকিয়ে সম্পূর্ণ মনোযোগ নিজের খাতায় রাখা।
  • কলম, রুলার, ক্যালকুলেটর — সব সরঞ্জাম নিয়ে প্রস্তুত থাকা।

😰 পরীক্ষা কঠিন মনে হলে

اللَّهُمَّ لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلًا

উচ্চারণ: আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান, ওয়া আনতা তাজআলুল হাযনা ইযা শি'তা সাহলান।

অর্থ: হে আল্লাহ, কোনো কিছুই সহজ নয় আপনি যা সহজ করে দেন তা ছাড়া, আর আপনি চাইলে কঠিন বিষয়কেও সহজ করে দিতে পারেন।

🤔 প্রশ্ন বুঝতে না পারলে

يَا مُعَلِّمَ إِبْرَاهِيمَ عَلِّمْنِي، وَيَا مُفَهِّمَ سُلَيْمَانَ فَهِّمْنِي، وَيَا مُؤْتِيَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ آتِنِي

উচ্চারণ: ইয়া মুআল্লিমা ইব্রাহিমা আল্লিমনি, ওয়া ইয়া মুফাহহিমা সুলাইমানা ফাহহিমনি, ওয়া ইয়া মু'তিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আ-তিনি।

অর্থ: হে ইব্রাহিমকে শিক্ষাদানকারী, আমাকে শিক্ষা দিন! হে সুলাইমানকে বুঝ দানকারী, আমাকে বুঝ দান করুন! হে আমাদের সাইয়্যিদ মুহাম্মাদ ﷺ-কে প্রদানকারী, আমাকে প্রদান করুন।

একটা কথা মনে রাখুন

এই দোয়াগুলো পরিশ্রমের বিকল্প নয়। আপনি যদি প্রস্তুতি না নেন, দোয়া পড়ে বসে থাকলে হবে না।

কিন্তু আপনি যদি প্রস্তুতি নিয়ে থাকেন — তাহলে এই দোয়াগুলোই সেই জিনিসটা দেবে যা কোনো কৌশল দিতে পারে না: অন্তরের প্রশান্তি

আর প্রশান্ত অন্তর নিয়ে বসলে যা যা পড়েছেন, তা মনে পড়ার সম্ভাবনা কয়েকগুণ বেড়ে যায়। ভয়ই সবচেয়ে বড় স্মৃতিভ্রংশকারী।

আগামীকাল দিন ৩০ — সিরিজের শেষ দিন। ইলম ও স্মরণশক্তির রুকইয়াহ গাইডলাইন ও সেলফ রুকইয়াহ

দোয়াগুলোর একটা স্ক্রিনশট নিয়ে ফোনে রেখে দিন — পরীক্ষার দিন কাজে লাগবে ইনশাআল্লাহ।

আল্লাহ আমাদের সবাইকে পরীক্ষায় উত্তম সাফল্য দান করুন। আমিন।

লেখাটি "শেখার শিল্প" বইয়ের একটি অংশ নিয়ে। পুরো কাঠামো, বাকি অধ্যায় এবং ইলম, দোয়া ও রুকইয়াহ পর্বটি বইটিতে রয়েছে — বইটি দেখুন

আরও পড়ুন