← শেখার শিল্প — ৩০ দিন

সব তথ্য একইভাবে পড়ছেন কেন?

শেখারশিল্পপড়ালেখাশিক্ষার্থীস্টাডিটিপসবই
সব তথ্য একইভাবে পড়ছেন কেন?

একটা প্রশ্ন করি।

আপনি একটা অধ্যায় পড়ছেন। তাতে আছে একটা সূত্র, একটা তত্ত্ব, একটা গবেষণার ফল, কয়েকটা তারিখ, আর একটা সমাধানের পদ্ধতি।

আপনি এগুলোর সবগুলো একইভাবে পড়ছেন, তাই না? একই গতিতে, একই মনোযোগে, একই কৌশলে।

এখানেই সবচেয়ে বড় অপচয়টা হয়।

কারণ এই পাঁচটা সম্পূর্ণ আলাদা জাতের তথ্য। আর প্রতিটার জন্য আলাদা প্রক্রিয়া দরকার।

কিন্তু তার আগে একটা মৌলিক কথা।

পড়াকে দুই ধাপে ভাবুন — গ্রহণ আর পরিপাক।

গ্রহণ মানে চোখ দিয়ে ভেতরে নেওয়া। পরিপাক মানে সেটাকে বুঝে, জুড়ে, নিজের করে নেওয়া।

আমরা প্রায় সবাই গ্রহণে ভালো, পরিপাকে দুর্বল। কারণ গ্রহণ দেখা যায় — কত পাতা পড়লাম, কত অধ্যায় শেষ। পরিপাক দেখা যায় না।

ফলে আমরা বেশি গিলে ফেলি আর হজমের সময় কমিয়ে দিই। ফলাফল? ৯০ শতাংশ পর্যন্ত ভুলে যাওয়া।

সিলেবাস শেষ হয়। শেখা হয় না।

আর একটা কথা মাথায় রাখুন — লক্ষ্য "সবকিছু" মনে রাখা নয়। লক্ষ্য হলো, যা দরকার সেটা এমনভাবে মনে রাখা যেন যুক্তি সাজাতে আর সমস্যা সমাধানে সত্যিই কাজে লাগাতে পারেন।

এবার আসল কাঠামোটা। নাম PACER

পড়ার সময় প্রতিটা তথ্যকে পাঁচ শ্রেণির একটায় ফেলুন —

P — Procedural (পদ্ধতিগত) কীভাবে কিছু করতে হয়। সমাধানের ধাপ, অঙ্কের নিয়ম, পরীক্ষার পদ্ধতি। 👉 করণীয়: Practice. যত দ্রুত সম্ভব হাতে-কলমে প্রয়োগ করুন। এটা পড়ে মুখস্থ করার জিনিস নয়। সাঁতার শেখার বই মুখস্থ করে কেউ সাঁতার শেখে না।

A — Analogous (সাদৃশ্যমূলক) যা আগে জানা কোনো কিছুর মতো। "এটা অনেকটা ওটার মতো কাজ করে।" 👉 করণীয়: Critique. তুলনাটা যাচাই করুন — "কোথায় মেলে? আর সবচেয়ে জরুরি, কোথায় মেলে না?" যেখানে মেলে না, ঠিক সেখানেই আসল বোঝাপড়া তৈরি হয়।

C — Conceptual (ধারণাগত) মূল তত্ত্ব ও ধারণা। এগুলোই আপনার জ্ঞানের কাঠামো। 👉 করণীয়: Mapping. mind map দিয়ে ধারণাগুলোর মধ্যে নেটওয়ার্ক গড়ুন। কোনটা কোনটার কারণ, কোনটা কোনটার ফল, কোনটা কোনটার বিপরীত।

E — Evidence (প্রমাণ) গবেষণার ফল, পরিসংখ্যান, কেস স্টাডি, উদাহরণ। 👉 করণীয়: Store. পড়ার সময় শুধু জমা করে রাখুন — নোটে, second brain-এ বা flashcard-এ। এখনই মুখস্থ করতে বসবেন না। পরে আলাদা সময়ে rehearse করবেন।

R — Reference (তথ্যসূত্র) নাম, তারিখ, সংজ্ঞা, সূত্র, শ্রেণিবিন্যাস। 👉 করণীয়: Store + Spaced repetition. এখানেই Anki-জাতীয় flashcard সবচেয়ে বেশি কাজে দেয়। active recall আর spaced repetition — এই দুটোর আসল জায়গা এটাই।

সবচেয়ে জরুরি নিয়মটা এবার।

পড়তে পড়তে মুখস্থ করতে বসবেন না। বারবার একই জিনিস পড়ে সময় নষ্ট করবেন না।

সেই সময়টা দিন procedural, analogous আর conceptual তথ্যে — কারণ এই তিনটাই আপনার জ্ঞানের মূল ভিত। Evidence আর reference পরেও ঝালানো যায়; ভিত্তিটা পরে গড়া যায় না।

আজ কীভাবে শুরু করবেন?

আজকের অধ্যায়ের মার্জিনে পাঁচটা অক্ষর লিখুন — P, A, C, E, R। পড়ার সময় প্রতিটা প্যারাগ্রাফের পাশে চিহ্ন দিন এটা কোন শ্রেণির।

প্রথম দিন একটু ধীর লাগবে। তিন দিন পর এটা স্বয়ংক্রিয় হয়ে যাবে — আর আপনি টের পাবেন, একই সময়ে অনেক বেশি কাজ হচ্ছে।

আগামীকাল দিন ০৯ — Memory Ladder: কোন স্মৃতির পেছনে ঠিক কতটা শ্রম দেবেন, তার সিদ্ধান্ত।

আজকের পড়া অধ্যায়টা থেকে একটা করে P, A, C, E, R উদাহরণ খুঁজে বের করুন। ৫ মিনিটের কাজ, কিন্তু চোখ খুলে যাবে।

আল্লাহ আমাদের উপকারী ইলম দান করুন। আমিন।

লেখাটি "শেখার শিল্প" বইয়ের একটি অংশ নিয়ে। পুরো কাঠামো, বাকি অধ্যায় এবং ইলম, দোয়া ও রুকইয়াহ পর্বটি বইটিতে রয়েছে — বইটি দেখুন

আরও পড়ুন