← শেখার শিল্প — ৩০ দিন

একই লাইন তিনবার পড়ছেন?

শেখারশিল্পপড়ারকৌশলমনোযোগপড়ালেখাশিক্ষার্থী
একই লাইন তিনবার পড়ছেন?

আপনি একটা প্যারাগ্রাফ পড়লেন।

শেষ লাইনে পৌঁছে বুঝলেন — কিছুই ঢোকেনি। ফিরে গিয়ে আবার পড়লেন। আবারও না।

তৃতীয়বার পড়ার সময় মনে হলো, "আমার পড়ার গতি খুব কম। আমার speed reading শেখা দরকার।"

এখানেই ভুল নির্ণয়টা হয়।

কঠিন লেখায় technique-এর চেয়ে strategy বেশি জরুরি। আর আসল বাধা ধীরগতি নয় — আসল বাধা দুটো:

১. মনোযোগ হারিয়ে বারবার একই জায়গা পড়া ২. দ্রুত ক্লান্ত হয়ে যাওয়া

এক পাতা তিনবার পড়া মানে তিন গুণ সময়, কিন্তু এক গুণ শেখা। গতি বাড়িয়ে এটা সারানো যায় না — মনোযোগ আর সহনশক্তি ঠিক করেই সারাতে হয়।

তবু একটা technique সত্যিই কাজ করে। সেটা দিয়েই শুরু করি।

Grouping — সবচেয়ে কার্যকর কৌশল

আমরা বেশিরভাগ মানুষ একটা একটা শব্দ ধরে পড়ি। চোখ প্রতিটি শব্দে আলাদা করে থামে।

এর বদলে চোখ একটু শিথিল করে একসঙ্গে তিন-চারটি শব্দ ধরার চেষ্টা করুন। প্রথম কয়েক দিন অদ্ভুত লাগবে, তারপর স্বাভাবিক হয়ে যাবে।

এতে দুটো জিনিস ঘটে: সাব-ভোকালাইজেশন (মনে মনে উচ্চারণ) আপনাআপনি কমে আসে, আর গতি বাড়ে প্রায় ৬০ থেকে ৮০ শতাংশ

এখানে সৎ থাকা দরকার — তিন গুণ নয়। যারা তিন গুণ, পাঁচ গুণ গতির প্রতিশ্রুতি দেয়, তারা বাড়িয়ে বলছে। ৬০-৮০% নিজেই বিশাল লাভ; ওটুকুই যথেষ্ট।

সাব-ভোকালাইজেশন নিয়ে একটা ভুল ধারণা

প্রচলিত পরামর্শ হলো — "মনে মনে উচ্চারণ করা বন্ধ করুন, এটাই আপনাকে ধীর করছে।"

কথাটা অর্ধেক সত্য।

সাব-ভোকালাইজেশন আসলে cognitive load কমায় — শব্দগুলো "শুনতে" পেলে মস্তিষ্কের বুঝতে সুবিধা হয়।

তাই নিয়মটা এই: ঘন ও কঠিন অংশে সাব-ভোকালাইজেশন চালু রাখুন। হালকা অংশে বন্ধ রাখুন।

শত্রু নয়, ওটা একটা সুইচ — যখন দরকার তখন ব্যবহার করবেন।

এবার মূল কৌশল — Bursts (ঝাঁকে ঝাঁকে পড়া)

একঘেয়ে একই গতিতে পুরো অধ্যায় পড়বেন না। লেখাটা তো একঘেয়ে নয় — কোথাও সহজ, কোথাও ঘন।

সহজ অংশে দ্রুত ছুটুন। কঠিন অংশে ধীরে ও স্পষ্টভাবে পড়ুন।

এতে দুটো লাভ: সময় বাঁচে, আর মনোযোগ ধরে থাকে — কারণ গতি বদলাতে থাকলে মস্তিষ্ক autopilot-এ যেতে পারে না।

প্রক্রিয়া-বিরতি — এটাই আসল রহস্য

প্রতিটি ঝাঁকের পর মাত্র ৩–৫ সেকেন্ড থামুন।

এই কয়েক সেকেন্ডে তিনটা কাজ করুন:

  • যা পড়লেন, একবার হজম করে নিন (মনে মনে সারসংক্ষেপ)
  • দরকার হলে নোট বা mind map হালনাগাদ করুন
  • আর সামনে কী আসতে পারে, তার একটা সহজ পূর্বানুমান করুন

ওই পূর্বানুমানটাই সবচেয়ে শক্তিশালী। কারণ পূর্বানুমান করলে মস্তিষ্ক পরের অংশটা "যাচাই করার" মেজাজে পড়ে — আর তখন মনোযোগ হারানো প্রায় অসম্ভব হয়ে যায়।

সহনশক্তির কথা

অস্থিতিশীল তীব্র গতির চেয়ে টেকসই মাঝারি গতি বেছে নিন। ২০ মিনিট ঝড় তুলে তারপর ক্লান্ত হয়ে পড়ার চেয়ে দুই ঘণ্টা স্থির গতিতে চলা অনেক ভালো।

আর চোখের ক্লান্তি কমানোর তিনটে ছোট কিন্তু কার্যকর কৌশল:

  • সরু কলামে পড়ুন (চোখকে দীর্ঘ লাইন ধরে টানতে হয় না)
  • হালকা ধূসর ব্যাকগ্রাউন্ড ব্যবহার করুন (ধবধবে সাদা চোখ ক্লান্ত করে)
  • নীল আলো কমিয়ে নিন, বিশেষ করে রাতে

আগামীকাল দিন ১৫ — একটু ভিন্ন বিষয়। মেধা ও স্মৃতিশক্তি বৃদ্ধির নির্বাচিত আমল, যেগুলো বইয়ের দ্বিতীয় পর্বে সাজানো আছে।

আজ একটা প্যারাগ্রাফ পড়ে ৫ সেকেন্ড থেমে পূর্বানুমান করুন — "পরের অংশে কী আসতে পারে?" পার্থক্যটা প্রথম দিনেই টের পাবেন।

আল্লাহ আমাদের বোঝার তাওফিক দিন। আমিন।

লেখাটি "শেখার শিল্প" বইয়ের একটি অংশ নিয়ে। পুরো কাঠামো, বাকি অধ্যায় এবং ইলম, দোয়া ও রুকইয়াহ পর্বটি বইটিতে রয়েছে — বইটি দেখুন

আরও পড়ুন