← শেখার শিল্প — ৩০ দিন

“মন চাইলে পড়ব” — এটাই সমস্যা

শেখারশিল্পমোটিভেশনঅভ্যাসশিক্ষার্থীবই
“মন চাইলে পড়ব” — এটাই সমস্যা

"আজ মন বসছে না, কাল থেকে পুরোদমে শুরু করব।"

এই বাক্যটা আপনি কতবার বলেছেন? আর তার মধ্যে কতবার সত্যিই কাল থেকে শুরু হয়েছে?

সমস্যাটা আপনার সদিচ্ছায় নয়। সমস্যাটা হলো, আপনি একটা ভুল জিনিসের ওপর ভরসা করছেন।

মোটিভেশন সবসময় ওঠানামা করে। এটা আবহাওয়ার মতো — আজ আছে, কাল নেই। কারও নিয়ন্ত্রণে নেই।

তাই আপনি যদি motivation dependent হন — অর্থাৎ মোটিভেশন থাকলেই কাজ করেন — তাহলে আপনার উৎপাদনশীলতাও ঠিক ততটাই ওঠানামা করবে। আর ওঠানামার এই চক্রেই burnout-এর ঝুঁকি সবচেয়ে বেশি।

তিন দিন প্রচণ্ড খেটে, পাঁচ দিন কিছুই না করা — এটা টেকসই নয়।

লক্ষ্য হোক motivation enhanced হওয়া — অর্থাৎ মোটিভেশন এলে সেটা কাজে লাগাতে পারা, কিন্তু তার ওপর নির্ভরশীল না হওয়া।

মোটিভেশন বোনাস হোক। ভিত্তি নয়।

তাহলে ভিত্তিটা কী হবে?

এর উত্তর একটা চার-ধাপের পদ্ধতিতে — DFUZ

D — Distinguish (আলাদা করুন)

অনুভূতি, ভাবনা আর কাজ — এই তিনটাকে আলাদা করে দেখতে শিখুন।

আমরা সাধারণত এগুলো একসাথে গুলিয়ে ফেলি। "ক্লান্ত লাগছে" (অনুভূতি) → "আজ আর হবে না" (ভাবনা) → বই বন্ধ (কাজ)। যেন একটা থেকে আরেকটা অনিবার্যভাবে আসে।

কিন্তু আসে না।

ক্লান্তি বা অলসতা নিছক একটা শারীরিক অনুভূতি। সেটা টের পেলেই তার ওপর ভিত্তি করে কাজ করা — বা না-করা — বাধ্যতামূলক নয়।

অনুভূতিটা লক্ষ করুন। নাম দিন — "এই যে, ক্লান্তির অনুভূতিটা এসেছে।" আর তারপর সিদ্ধান্তটা আলাদাভাবে নিন।

এটাই সবচেয়ে জরুরি ধাপ। বাকি তিনটা এর ওপর দাঁড়িয়ে।

F — Fake (ভান করুন)

যে অনুভূতি আপনার নেই, সেই অনুভূতির মানুষের মতো ভান করে কাজ চালিয়ে যান।

মানে — ক্লান্ত অবস্থাতেই কাজটা করুন। এমনভাবে বসুন, এমনভাবে কলম ধরুন, যেন আপনি একজন উদ্যমী মানুষ।

শুনতে হাস্যকর লাগে। কিন্তু এখানে যা ঘটে সেটা চমৎকার:

কাজ করতে করতেই মন ভাবতে শুরু করবে — "আমি বোধহয় অতটা অলস নই।" আর অনুভূতিটাও হালকা হয়ে আসবে।

আমরা ভাবি অনুভূতি আগে আসে, কাজ পরে। কিন্তু উল্টোটাও সমানভাবে সত্য — কাজ শুরু করলে অনুভূতি বদলায়।

U — Uptime (সময় বাড়ান)

এই defused অবস্থা — অর্থাৎ অনুভূতির দখল থেকে মুক্ত থেকে কাজ চালানোর অবস্থা — ধরে রাখার সময়টা ধীরে ধীরে বাড়ান।

১০ → ১২ → ১৪ → ২০ → ৩০ মিনিট।

প্রথম দিন থেকেই এক ঘণ্টা লক্ষ্য করবেন না। ১০ মিনিট দিয়ে শুরু করুন। তারপর একটু একটু করে বাড়ান।

আর neuroplasticity-র কল্যাণে অনুশীলনের সাথে সাথে মস্তিষ্ক এতে দক্ষ হয়ে উঠবে — ঠিক যেমন যেকোনো পেশি অনুশীলনে শক্তিশালী হয়।

Z — Zone (এলাকা গড়ুন)

গতকালের distraction cheat sheet মনে আছে? যা যা আপনাকে বিভ্রান্ত করে, লিখে রাখার কথা বলেছিলাম।

এবার সেই ট্রিগারগুলো পরিবেশ থেকে সরিয়ে ফেলুন। App blocker দিন। কাজের জায়গাটা গুছিয়ে রাখুন।

উদ্দেশ্য একটাই — একটা বাধামুক্ত মনোযোগের এলাকা, যেখানে ঢুকলে কাজ করা ছাড়া আর কিছু করার নেই।

কারণ ইচ্ছাশক্তি সীমিত, কিন্তু পরিবেশ সবসময় কাজ করে।

সৎ কথাটা শেষে

এটি জাদুর বড়ি নয়। নিয়মিত অনুশীলনেই ফল আসে।

প্রথম সপ্তাহে মনে হবে কিছুই বদলায়নি। দ্বিতীয় সপ্তাহে সামান্য টের পাবেন। তৃতীয় সপ্তাহ থেকে পার্থক্যটা স্পষ্ট হবে।

কিন্তু একবার রপ্ত হলে — মন না চাইলেও আপনি ধারাবাহিকভাবে কাজে লেগে থাকতে পারবেন। আর ধারাবাহিকতাই সবকিছু।

আগামীকাল দিন ২০ — লক্ষ্য অর্জনের জন্য সিস্টেম গড়ে তোলার উপায়: willpower ছাড়াই কীভাবে চালাবেন।

আজ ক্লান্ত লাগলেও ১০ মিনিট বসুন। শুধু ১০ মিনিট। বাকিটা নিজে থেকেই আসবে ইনশাআল্লাহ।

আল্লাহ আমাদের ইস্তিকামাত (অবিচলতা) দান করুন। আমিন।

লেখাটি "শেখার শিল্প" বইয়ের একটি অংশ নিয়ে। পুরো কাঠামো, বাকি অধ্যায় এবং ইলম, দোয়া ও রুকইয়াহ পর্বটি বইটিতে রয়েছে — বইটি দেখুন

আরও পড়ুন