← শেখার শিল্প — ৩০ দিন

সব কভার করা যাবে না। এটা মেনে নিন।

শেখারশিল্পপরীক্ষাপড়ালেখাস্টাডিটিপসশিক্ষার্থী
সব কভার করা যাবে না। এটা মেনে নিন।

পরীক্ষার আর সাত দিন বাকি। সিলেবাসের অর্ধেকও শেষ হয়নি।

এই মুহূর্তে বুকের ভেতর যে জিনিসটা চেপে বসে, সেটার নাম আতঙ্ক। আর আতঙ্কের সবচেয়ে বড় ক্ষতি হলো — এটা আপনাকে অকার্যকর কাজে ব্যস্ত করে রাখে।

তাই প্রথম কথাটা কঠিন, কিন্তু মুক্তিদায়ক:

মেনে নিন যে সময় কম, তাই সবকিছু কভার করা যাবে না।

এটা হার স্বীকার নয়। এটা কৌশলের প্রথম শর্ত। কারণ যতক্ষণ আপনি "সব পড়ে ফেলব" ভেবে ছুটবেন, ততক্ষণ আপনি কোনো কিছুই ঠিকমতো পড়বেন না।

কৌশল হলো — কী বাদ দেবেন, সেটা বুদ্ধিমানের মতো ঠিক করা।

কীভাবে ঠিক করবেন? তিনটে ধাপ।

ধাপ ১ — পরীক্ষকের মতো ভাবুন

আপনার কোর্সের learning objectives পড়ুন। বেশিরভাগ শিক্ষার্থী এগুলো কখনো খুলেও দেখে না, অথচ এখানেই প্রশ্নের নকশা লেখা থাকে।

দেখুন প্রতিটি বিষয় নিচু, মাঝারি না উঁচু স্তরে যাচাই হবে। আর objective-এর ভাষাই সেটার ইঙ্গিত দেয়:

  • "describe", "list", "define" → নিচু স্তর, তথ্যভিত্তিক
  • "explain", "apply" → মাঝারি
  • "discuss", "evaluate", "compare", "justify" → উঁচু স্তর

প্রশ্নে ঠিক কী আসবে তা জানা যায় না। কিন্তু কোন স্তরে আসবে — সেটা প্রায়ই জানা যায়। আর সেটা জানলেই প্রস্তুতির ধরনটা ঠিক হয়ে যায়।

ধাপ ২ — Logic points অনুমান করুন

এটাই আজকের সবচেয়ে জরুরি ধারণা।

প্রতিটা তথ্যের একটা logic point আছে — অর্থাৎ, এই তথ্যটা জানলে আর কতগুলো জিনিস যুক্তি খাটিয়ে বের করা যায়?

যে তথ্য দিয়ে অন্য অনেক কিছু বের করা যায়, সেটাই সবচেয়ে মূল্যবান

উদাহরণ: একটা মূল নীতি জানলে আপনি দশটা প্রয়োগের প্রশ্নের উত্তর দিতে পারবেন। একটা তারিখ জানলে আপনি ওই তারিখের প্রশ্নটারই উত্তর দিতে পারবেন — আর কিছু না।

তাই নিছক মুখস্থের সূক্ষ্ম খুঁটিনাটির দাম সবচেয়ে কম।

অথচ আতঙ্কে পড়ে আমরা ঠিক ওগুলোই আগে ধরি — কারণ ওগুলো "শেষ করা" যায়, আর শেষ করার অনুভূতিটা ভালো লাগে।

ধাপ ৩ — সঠিক ক্রমে এগোন

এবার হাতে যে ক'দিন আছে, সেটা তিন ভাগে ভাগ করুন —

প্রথম দিন: সর্বোচ্চ logic points-এর বিষয়গুলো। বড় ধারণা, মূল কাঠামো, যেগুলো থেকে বাকিটা বের করা যায়।

দ্বিতীয় দিন: মাঝারি logic points।

শেষ দিন: ফাঁক পূরণ, আর flashcards বা Memory Palace দিয়ে মুখস্থের খুঁটিনাটি।

আর একটা জরুরি নিয়ম:

যেসব জিনিস শুধু মুখস্থ ছাড়া উপায় নেই, সেগুলো একদম শেষ রাতের জন্য তুলে রাখুন — শুরুর দিনে নয়।

কারণ ওগুলো দ্রুত মুছে যায়। শুরুতে মুখস্থ করলে পরীক্ষার দিন আর থাকবে না। আর শেষ রাতে করলে তাজা থাকবে।

উল্টোদিকে, মূল ধারণাগুলো একবার বুঝে ফেললে সেগুলো সহজে যায় না — ওগুলোর জন্য সময়ই লাগে বেশি, তাই ওগুলো আগে।

হাতে বেশি সময় থাকলে?

এই পদ্ধতি তখনও একইভাবে খাটে — শুধু প্রতিটি ধাপে সময় বাড়িয়ে নিন। "প্রথম দিন" হয়ে যাবে "প্রথম সপ্তাহ"।

আর একটা বাড়তি লাভ আছে: এই পদ্ধতি নিয়মিত অনুশীলন করলে আপনার গভীরভাবে ভাবার ক্ষমতাও (deep processing) ধারালো হয়ে ওঠে। কারণ প্রতিবার আপনি বিচার করছেন — কোনটা বেশি জরুরি, আর কেন।

শেষ একটা কথা

চাপের সময় দোয়াটা ভুলবেন না। বইয়ের দ্বিতীয় পর্বে পরীক্ষার আগের আমল ও দোয়াগুলো সাজানো আছে — সেগুলো নিয়ে বিস্তারিত বলব দিন ২৯-এ।

আজ শুধু এটুকু মনে রাখুন: চেষ্টা আপনার, তাওফিক আল্লাহর। দুটোই লাগে।

আগামীকাল দিন ২৫ — সফল শিক্ষার্থীদের পাঁচটি অভ্যাস

আজ আপনার সিলেবাসটা খুলে প্রতিটা টপিকের পাশে লিখুন — উঁচু, মাঝারি, না নিচু logic point? ২০ মিনিটের কাজ, সাত দিনের দিশা।

আল্লাহ আমাদের কাজ সহজ করে দিন। আমিন।

লেখাটি "শেখার শিল্প" বইয়ের একটি অংশ নিয়ে। পুরো কাঠামো, বাকি অধ্যায় এবং ইলম, দোয়া ও রুকইয়াহ পর্বটি বইটিতে রয়েছে — বইটি দেখুন

আরও পড়ুন